চুয়াডাঙ্গা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'চরমপন্থী'র দলের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার নাগদা হাইস্কুলের পাশে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হন মোজাম নামের ওই চরমপন্থী নেতা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
র্যাব ও পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, মোজাম চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী গ্রামের মোমতাজ আলীর ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আজম খান জানান, মোজাম চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক কমান্ডার ছিলেন।
তার বিরুদ্ধে দু'টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, বোমাবাজি এবং বিস্ফোরক আইনে মোট সাতটি মামলা রয়েছে।
র্যাব-৬ এর চুয়াডাঙ্গা ক্যাম্পের অধিনায়ক মেজর এম এম শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার এক ব্যবসায়ীর কাছে চাঁদা চায় চরমপন্থীরা। এ নিয়ে রাত আড়াইটার দিকে নাগদা স্কুল মাঠে তারা বৈঠক করছিল। সে সময় পুলিশ ও র্যাবের একটি দল সেখানে হানা দেয়। র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে অস্ত্রধারী 'চরমপন্থীরা'। র্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ৪-৫ মিনিট গোলাগুলি হয়।
এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটতে থাকে। এ সময় গ্র"পটির নেতা মোজাম পায়ে গুলিবিদ্ধ হন। তাকে ঊদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোজাম মারা যান বলে মেজর শফিকুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24