২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে চবি ছাত্র থানায় সোপর্দ

স্কুল ছাত্রীকে উত্যক্ত করা এবং অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ করে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্কুল ছাত্রীকে উত্যক্ত করা এবং অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ করে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে থানায় সোপর্দ করা হয়। আটক ছাত্রের নাম মাসুদ। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র। বুধবার সকালে হাটহাজারী থানার ফতেপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এক ৮ম শ্রেণীর ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য এবং খারাপ প্রস্তাব দিয়েছে এ অভিযোগ এনে স্কুল কমিটি, শিক্ষক এবং অভিভাবকরা মিলে মাসুদকে আটক করে থানায় দেয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছে এমন অভিযোগ এনে বুধবার বেলা ১১ টার দিকে চবির ওই ছাত্রকে তাদের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ না করায় রাত ১১ টা পর্যন্ত এ বিষয়ে কোন মামলা দায়ের হয়নি । এ বিষয়ে চবি-র সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বিধায় এ বিষয়ে আমরা কোন দায়ভার গ্রহণ করবো না।" বাংলাদেশে মেয়েদের যৌন হয়রানি বা উত্যক্ত করা নিয়ে মামলার ঘটনা বিরল। নারী অধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির ধারবাহিকতায় একটি রিট আবেদনের সূত্রে গত ১৪ মে যৌন হয়রানি রোধে একটি নীতিমালা ঘোষণা করে হাইকোর্ট। মেয়েদের উত্যক্ত করা, তাকিয়ে থাকা, ই-মেইল বা ফোনে বিরক্ত করা, রাস্তায় অচেনা কাউকে 'সুন্দরী' বলা এসব যৌন হয়রানির মধ্যে পড়বে বলে আদালত সেদিন রায় দেয়। রায়ে বলা হয়, এ সম্পর্কিত কোনো আইন না হওয়া পর্যন্ত এই নীতিমালা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২৩২১ঘ.