২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে ডক শ্রমিকদের আল্টিমেটাম

চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কল্যাণ তহবিলসহ অন্যান্য দাবি ছয় দিনের মধ্যে না মানা হলে ৪ আগস্ট বন্দরে চার ঘন্টার 'অবস্থান কর্মবিরতি' পালনের ঘোষণা দিয়েছে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কল্যাণ তহবিলসহ অন্যান্য দাবি ছয় দিনের মধ্যে না মানা হলে ৪ আগস্ট বন্দরে চার ঘন্টার 'অবস্থান কর্মবিরতি' পালনের ঘোষণা দিয়েছে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। চট্টগ্রাম বন্দর ভবনের সামনে মঙ্গলবার দুপুরে অবস্থান ধর্মঘট শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারা। বন্দরের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিক ও কর্মচারী, বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরসহ বেসরকারি সংস্থার অধীনে কর্মরত প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী সকালে বৃষ্টি উপেক্ষা করে বন্দর ভবনের সামনের সড়কে এ অবস্থান ধর্মঘট পালন করে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট শেষে শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে এক সমাবেশ থেকে ৩ আগস্টের মধ্যে তাদের সব দাবি পূরণের জন্য কর্তৃপক্ষকে সময় বেঁধে দেন নেতারা। ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবেশ থেকে এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ৪ আগস্ট বন্দরে শ্রমিক কর্মচারীরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত 'অবস্থান কর্মবিরতি' পালনের ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, বন্দর ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রমুখ। সমাবেশে শ্রমিক নেতারা তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, চিকিৎসা ও কল্যাণ ভাতা চালু, বার্থ অপারেটর পদ্ধতি বাতিল করে পুনরায় ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালুসহ কয়েকটি দাবি পূরণে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এসব দাবি পূরণ করা না হলে শ্রম অসন্তোষের কারণে বন্দরে কাজের ব্যাঘাত ঘটলে শ্রমিক কর্মচারীরা দায়ী থাকবেন না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দরে ডক পরিচালনা বোর্ড বিলুপ্ত করে পুরনো স্টিভিডোরিং প্রথা বাতিল করা হয়। এর পরিবর্তে বার্থ অপারেটিং পদ্ধতিতে বেসরকারি সংস্থার মাধ্যমে শ্রমিকদের দিয়ে বন্দরে পণ্য খালাস কাজ পরিচালনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২৩৫৫ ঘ.