ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও রাজউক সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে পুলিশ।
রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শহীদুল হক এ অভিযোগ করেন।
সভায় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অসহযোগিতার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, "ডিসিসি বিভিন্ন রাস্তার অংশ পার্কিংয়ের জন্য লিজ দিয়েছে। পুলিশ রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ করতে গেলে তাই বিরোধিতা আসে। আবার ডিসিসির আবর্জনা ফেলার বাক্সগুলো বেশিরভাগ সময় রাস্তার বিশাল অংশ দখল করে থাকে। এতে পথ সরু হয়ে যায়।"
সিটি কর্পোরেশনকে বারবার তাগিদ দেওয়া হলেও এ বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে পুলিশ কমিশনার অভিযোগ করেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অসহযোগিতার বিষয়ে তিনি বলেন, "ঢাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা বাধ্যবাধকতা থাকলেও অনেক ভবনেই তা না মেনে পার্কিংয়ের জায়গায় দোকানপাট বা অন্য কিছু বানিয়ে ফেলা হচ্ছে। যা রাজউকের কর্মকর্তারা দেখে না দেখার ভান করছেন। এসব ব্যাপারে ব্যবস্থা নিতে রাজউককে বারবার চিঠি দেওয়া হলেও তারা গা করছে না।"
রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে ওই সভায় শহীদুল হক জানান, ২০০৮ সালের জুলাই মাস থেকে এ বছরের জুন পর্যন্ত এক বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় ৩৬৫ জন নিহত হয়েছে।
অর্থাৎ প্রতিদিন গড়ে একজন করে প্রাণ হারাচ্ছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের পর অপরাধ বেড়েছে, এটা কেউ কেউ বললেও তা ঠিক নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৮১১ ঘ.
bdnews24