সিরাজগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ ভাঙনের কবল থেকে রক্ষার করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে যমুনা নদীতে খনন শুরু হয়েছে। যমুনার প্রবাহ কিছুটা সরিয়ে দিয়ে বাঁধ রক্ষার এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
১০ ও ১৭ জুলাই দু' দফায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে প্রায় ১১ শ' ফুট ধসে যায়। যমুনার প্রবল ঘূর্ণাবর্তের কারণে গর্ত সৃষ্টি হওয়ায় বাঁধ ভাঙনের শিকার হয়েছে।
যমুনা সেতু উদ্বোধনের পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে প্রায় প্রতিবছরই বর্ষায় বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরতলীর গয়লা এলকায় শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টের এক কিলোমিটার পূর্বদিকে খনন কাজ শুরু হয়। খননকাজের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
এ সময় তিনি বলেন, হার্ডপয়েন্টের পূর্বদিকে প্রায় ২৮০০ মিটার নদীর এলাকা খনন করা হবে। প্রয়োজনে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত খনন হবে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর চাপ কমানোর জন্য এ খনন প্রক্রিয়া শুরু হল। এ পদ্ধতি দেশের অন্যান্য নদ-নদীর উপরও একে একে প্রয়োগ করে কৃষি জমি পুনরুদ্ধার করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিগত জোট সরকার সঠিক ব্যবস্থা না নেওয়ায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে এ ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে।
খনন উদ্বোধনের সময় আরও ছিলেন- পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ।
পাউবো কর্মকর্তারা বলেন, আপতত খনন কাজ দুমাস চলবে। নভেম্বরে 'বড় আকারে' খনন (ক্যাপিটাল ড্রেজিং) করা হতে পারে। হার্ডপয়েন্টের উজানে পাঁচ কিলোমিটার এবং ভাটিতে পাঁচ কিলোমিটার অংশে খনন করে নদীর খাতকে ঘুরিয়ে দিতে না পারলে ফল ভাল পাওয়া যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24