কুমিল্লা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজারে অস্র ও মাইক্রোবাসসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার সকালে এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা হল- জাফর (২৭) ও পাভেল (১৯)। জাফরের বাড়ি নোয়াখালীর নবীপুর এবং পাভেলের বাড়ি একই জেলার মুছাপুর গ্রামে ।
উদ্ধার করা অস্ত্র ও মালামালের মধ্যে রয়েছে- ২টি এলজি, ১টি কাটা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি, ২টি শাবল, ৪টি টর্চ লাইট, ২টি মোবাইল ফোন সেট, ২টি গুলি রাখার ব্যাগ ও ২টি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে।
ডিবি'র উপ-পরিদর্শক শাহজাহান কবীর জানান, গোপন সংবাদ পেয়ে সকাল ৭টায় মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মালামাল উদ্ধার করে এবং দু'জনকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর গ্রামে বাবুল নামের একজনের বাড়িতে ডাকাতি করে তারা ঢাকায় যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে। বাবুলের বাড়ি থেকে লুঠ করা টাকা, স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল নিয়ে কয়েকজন ডাকাত পথে নেমে গেছে বলেও তারা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.
bdnews24