২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গুলিবিনিময়ে আহত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বুধবার রাতে রাজধানীর কল্যাণপুরে গুলিবিনিময়ের পর আহত অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার রাতে রাজধানীর কল্যাণপুরে গুলিবিনিময়ের পর আহত অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুরের পোড়াবস্তিতে ওই ঘটনার পর পায়ে গুলিবিদ্ধ সন্দেহভাজন সন্ত্রাসী হাবিবুর রহমান (৩৫) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের মীরপুর জোনের সহকারী কমিশনার মইনুল ইসলাম জানান, মীরপুর মডেল থানার একটি টহল দল পোড়াবস্তি সংলগ্ন মাঠে ৪/৫ জন সন্ত্রাসীকে অপরাধের প্রস্তুতি নেওয়ার সময় চ্যালেঞ্জ করে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বাকী সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হওয়ার কারণে হাবিব পালাতে পারেনি। হাবিবের কাছ থেকে চার রাউন্ড গুলিভর্তি যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬২ বোর রিভলবার ও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গত দু'মাসে এ নিয়ে পুলিশের গুলিতে শুধুমাত্র রাজধানীতে ৩ জন সন্দেহভাজন অপরাধী নিহত ও ২৫ জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.