ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি ওবায়েদুল্লাহর পর তার সহযোগী মনসুর আলীকেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে গ্রেপ্তার মনসুরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম শামীমা পারভিন সাত দিন রিমান্ডের অনুমতি দেন।
পাসপোর্ট আইনের একটি মামলায় মনসুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই ধরনের মামলায় ওবায়েদুল্লাহকেও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওবায়েদের মতো মনসুরের রিমান্ড আবেদনেও বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তি (মনসুর) ভারতে নাশকতামূলক কাজে জড়িত ছিলেন। জঙ্গি আন্দোলন তৈরির উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার কাছ থেকে আরও তথ্য পেতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মনসুরের পক্ষে আদালতে কোনও আইনজীবী ছিলেন না।
পুলিশের দাবি, মনসুর পাকিস্তান শাসিত কাশ্মীরভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সদস্য। ওবায়েদ ও মনসুর দুজনই ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী।
এরা দুজনই গত ১৪ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫৫০ ঘ.
bdnews24