২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন এক ব্যক্তি। মাইনউদ্দিন (৩০) নামে ওই ব্যক্তি বুধবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ি থানায় গিয়ে পুলিশকে জানায়, তিনি তার স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে (২৫) হত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 05:20 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন এক ব্যক্তি। মাইনউদ্দিন (৩০) নামে ওই ব্যক্তি বুধবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ি থানায় গিয়ে পুলিশকে জানায়, তিনি তার স্ত্রী আকলিমা আক্তার আঁখিকে (২৫) হত্যা করেছেন। মাইনউদ্দিনের দাবি, সাংসারিক জটিলতা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে আঁখিরসম্পর্ক তাকে এ হতাকাণ্ডে প্ররোচিত করে। তবে আঁখির এক স্বজন বলছেন, যৌতুকের দাবিতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে মাইনউদ্দিন থানায় এসে বলে, যা করার করে ফেলেছি। এখন আমাকে গ্রেপ্তার করুন। কী করেছেন- জানতে চাইলে তিনি বলেন, আমি গলাটিপে আমার স্ত্রীকে হত্যা করেছি।" মাইনউদ্দিনের দেওয়া তথ্যে সকাল ৭টার দিকে উত্তর যাত্রাবাড়ির ৭৬/খ-১ নম্বর বাড়ি থেকে আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটি মাইনের বোনের। ওসি বলেন, "হত্যার বিষয়টি ওই বাড়ির কেউ জানত না বলে মনে হয়েছে। তারা বলেছে, পুলিশ যাওয়ার পরই তারা ঘটনা শোনে।" মাইনউদ্দিন স্ত্রী আঁখিকে নিয়ে যাত্রাবাড়ির পূর্ব পাশের শনির আখড়ায় থাকেন। মঙ্গলবার তারা যাত্রাবাড়ির ওই বাসায় বেড়াতে আসেন বলে বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছে। আঁখির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামে। তার বাবা জয়নাল মিয়া কুয়েত প্রবাসী। আঁখির চাচাত ভাই ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আট মাস আগে নগদ ১ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ যৌতুক দিয়ে মাইনের সঙ্গে আঁখির বিয়ে দেওয়া হয়। তখন মাইন বলেছিল, সে ক্ষুদ্র ব্যবসা করে। আসলে সে বেকার। আরও যৌতুক চেয়ে না পাওয়ায় সে এ হত্যাকাণ্ড ঘঠিয়েছে।" ফোরকান জানান, ছয় বোন একভাইয়ের মধ্যে আঁখি তৃতীয়। ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এমআই/১১১৯ ঘ.