ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোর মেলা 'ব্যাংক অ্যান্ড নন ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউট ফেয়ার-২০০৯'।
হোটেল শেরাটন এ মেলার আয়োজন করেছে।
মঙ্গলবার শেরাটনে এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন হোটেলটির মহাব্যবস্থাপক ট্রেভর ম্যাকডোনাল্ড এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহফুজুর রহমান।
ট্রেভর ম্যাকডোনাল্ড উল্লেখ করেন শেরাটনের আয়োজনে এটি আর্থিক প্রতিষ্ঠানসমূহের দ্বিতীয় মেলা। ২০০৮ সালে প্রথম মেলাটি অনুষ্ঠিত হয়।
শেরাটনের উইন্টার গার্ডেনে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মেলা চলবে। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ৩৫ টি স্টল নিয়েছে।
ম্যাকডোনাল্ড জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় শেরাটনের বলরুমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শুক্রবার এ উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ গোলটেবিল আলোচনা। সেখানে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, ব্যাংকার, শিল্পপতি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা, বিনিয়োগ, সিন্ডিকেটেড লোন, এনআরবি ব্যাংকিং, রেমিটেন্স প্রবাহসহ বিভিন্ন বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২১৪ঘ.
bdnews24