২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তা হলে আপনারাই টিপাইমুখের সঠিক তথ্য প্রকাশ করুন: দেলোয়ার

টিপাইমুখ বাঁধ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের বক্তব্যের বিরোধিতা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার সরকারকে তাদের দৃষ্টিতে যা 'সঠিক তথ্য' তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামিক পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেলোয়ার বলেন,'' বিএনপির দেওয়া তথ্য যদি আপনাদের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক না হয়, আপনারা সঠিক তথ্য জনসমক্ষে প্রকাশ করুন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টিপাইমুখ বাঁধ বিষয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের বক্তব্যের বিরোধিতা করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার সরকারকে তাদের দৃষ্টিতে যা 'সঠিক তথ্য' তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইসলামিক পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেলোয়ার বলেন,'' বিএনপির দেওয়া তথ্য যদি আপনাদের দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক না হয়, আপনারা সঠিক তথ্য জনসমক্ষে প্রকাশ করুন।" দেশের বিরুদ্ধে 'বহুমাত্রিক আগ্রাসন ও ষড়যন্ত্র' হচ্ছে অভিযোগ করে দলমত নির্বিশেষে জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী মনোভাবাপন্ন দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। টিপাইমুখ প্রসঙ্গে দেলোয়ার বলেন, "টিপাইমুখ বাঁধের মতো বিষয়টিকে বিএনপি জাতীয় স্বার্থ রক্ষার মতো মনে করে। এ জন্য সরকারকে সহযোগিতাও করতে আমাদের নেত্রী আহবান জানিয়েছেন। এ নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু সরকারের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো সাড়া নেই। বরং সরকার উল্টো কথা বলছে। এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।'' ভারতে যাওয়া বাংলাদেশী নাগরিকদের বিষয়ে ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর 'বিরূপ' মন্তব্যের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন,'' ভারতীয় হাইকমিশনারের দেওয়া তথ্যের জবাব অবশ্যই সরকারকে দিতে হবে।' সোমবার এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ও ভারতীয় চেম্বারগুলোর এক অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশ থেকে ভিসা নিয়ে প্রতিবছর ভারতে গমনকারীদের মধ্যে পঁচিশ হাজার মানুষ ফেরেন না। এছাড়া অবৈধভাবে প্রবেশকারীর সংখ্যা আরও বেশি বলে দাবি করেন তিনি। দেশের পরিস্থিতির সমালোচনা করে দেলোয়ার বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজি কি পর্যায়ে পৌঁছেছে তা জনগণই ভাল বলতে পারবে। আমাদের কিছু বলতে হবে না।'' সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে যে মন্তব্য করেছেন-তার প্রতিবাদ জানান দেলোয়ার। তিনি বলেন,''শহীদ জিয়া কি ছিলেন- তা দেশের জনগণই বলবেন।" সোমবার জাসদের এক অনুষ্ঠানে সাজেদা চৌধুরী কর্নেল তাহেরের বিতর্কিত মৃত্যুদণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে জিয়ার সমালোচনা করে বলেন,তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোবিনের সভাপতিত্বে আলোচনা সভায় জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক এ টি এম হেমায়েতউদ্দিন,মুসলিম লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মোত্তালেব,বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এনডিপি'র আলমগীর মজুমদার, খেলাফত মজলিশের মাওলানা আবদুর রব ইউসুফী, নেজামী ইসলাম পার্টির মাওলানা আবদুর রকীব, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, ইসলামিক পার্টির অধ্যাপক আবদুল বাসেত প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৫২ঘ.