ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বর্তমান আইন অনুযায়ী, আগামী ২৫ জুলাই রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। প্রধান বিরোধী দল বিএনপি ওই সময় ২০১০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। আরও ১০টি দলও সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ইসি সময় বাড়ানোর সুপারিশ করেছে।
ইসি সচিবালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "দলের গঠনতন্ত্র চূড়ান্ত করতে যারা এখনও কাউন্সিল করতে পারেননি, তাদের সুবিধার্থে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনার সুপারিশ জানানোর সিদ্ধান্ত আজ (মঙ্গলবার) হয়েছে।"
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বর্তমান ইসি দেশে সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে নিবন্ধনের আইন রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনা হয়। তবে জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত পূরণে নতুন গঠনতন্ত্র চূড়ান্ত করতে না পারায় আইনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে নির্বাচনের পর ছয় মাস সময় দেওয়া হয়।
সিইসি বলেন, "আইনে ছয় মাস সময় দেওয়া ছিল, এখন আমরা তা ১২ মাস করার সুপারিশ করেছি। সরকার তা অধ্যাদেশ বা আইন আকারে সংশোধন করলে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তা বলবৎ থাকবে।"
নিবন্ধিত ৩৯টি দলের কয়েকটি ইতোমধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিয়েছে জানিয়ে শামসুল হুদা বলেন, দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি দল জমা দেবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুমোদনে আগামী ২৪ জুলাই কাউন্সিল করছে। দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম ইতোমধ্যে জানিয়েছেন, গঠনতন্ত্র জমার সময় বাড়াতে ইসি সুপারিশ করলে সরকার তা বিবেচনা করবে।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ে গঠনতন্ত্র জমা না দিলে নিবন্ধন বাতিল হবে। আর সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দল রাজনৈতিক কার্যক্রম চালাতে পারলেও নির্বাচনে অংশ নিতে পারবে না।
প্রবাসীদের ভোটার করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে সিইসি জানান।
তিনি বলেন, "প্রবাসীদের ভোটার করার জন্য ভোটার তালিকা আইনে সংশোধনী আনার প্রস্তাবও সরকারের পাঠানো হয়েছে। যারা দ্বৈত নাগরিক আছেন এবং অস্থায়ীভাবে বিদেশে আছেন তাদের ভোটার করার সুপারিশ করেছিল আমরা।"
এক্ষেত্রে আইনে সংশোধনী আনলে ইসি প্রয়োজনীয় বিধিমালা তৈরি করবে বলে শামসুল হুদা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24