সিলেট, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের জকিগঞ্জ সীমান্তে জকিগঞ্জ বাজারের বিপরীতে কুশিয়ারা নদী তীরবর্তী নো-ম্যানস ল্যান্ডে সোমবার সকালে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
সকাল ৯টায় নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে বিএসএফ জওয়ানরা কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে সকাল ১১ টার দিকে জকিগঞ্জ সীমান্ত ফাঁড়ির বিডিআর কর্মকর্তারা প্রতিবাদ জানান।
জকিগঞ্জ বিডিআর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে আমরা বাধা দিই। বাধার মুখে তারা কাজ বন্ধ করে দেয়।"
তিনি জানান, সাড়ে ১১ টার দিকে করিমগঞ্জ জাহাজ ঘাটে বিএসএফ'র কোম্পানি কমান্ডার বীরেন্দ্র পাল এবং বিডিআর'র সুবেদার মোর্শেদ আলম এ ব্যাপারে আলোচনা করেন।
বিডিআর কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আলোচনায় বিএসএফ'র পক্ষ থেকে বলা হয় চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা এ স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে। অপরদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নো-ম্যানস ল্যান্ডে অবৈধ স্থাপনা নির্মাণ না করার জন্য বিএসএফকে অনুরোধ জানিয়েছে বিডিআর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24