ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করে আবার বঙ্গবন্ধুর নামে করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এর নাম হবে 'বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র'।
রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "শুরুতে এই সম্মেলন কেন্দ্রটির নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নামে। তবে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর তারা নাম পরিবর্তন করে।"
আগামী ৭ দিনের মধ্যে নতুন নাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন ফজলে করিম।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এম এ মান্নান বৈঠকে বলেন, সম্মেলন কেন্দ্রটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকলেও তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে ২০০২ সালে এর নতুন নামকরণ করে।
বৈঠকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে 'তালুকদার ফিলিং স্টেশন' অপসারণেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যন।
কর্তৃপক্ষ দীর্ঘ দুই বছর আগে বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাটিতে ওই ফিলিং স্টেশন বহাল তবিয়তে বজায় রয়েছে বলে তিনি জানান।
চেয়ারম্যান ফজলে করিম চৌধুরী বলেন, "অবৈধভাবে জাতীয় সংসদ ভবন এলাকায় এই ফিলিং স্টেশনটি স্থাপন করা হয়েছে। দুই বছর আগেও একবার তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এই ফিলিং স্টেশনের কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দিয়েছিল।"
পিডব্লিউডি ক্লাবের তহবিল সংগ্রহের জন্য ৭০'র দশকে পিডব্লিউডি'কে এই ফিলিং স্টেশন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০১৩ঘ.
bdnews24