চট্টগ্রাম, জুলাই ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম বন্দর কর্মচারীদের জন্য উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া ও শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। সিবিএ অফিস খুলে দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লা বাহার।
তিনি জরুরি অবস্থার সময় 'অবৈধভাবে' চাকরিচ্যুত কর্মচারীদের পুর্নবহালেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা সিবিএ অফিস খুলে দিয়ে স্বাভাবিক ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনার জন্য বন্দর কর্র্র্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সরকার অবিলম্বে এসব দাবি মেনে না নিলে আন্দোলন শুরুর ঘোষণাও দেওয়া হয়। এ লক্ষ্যে আগামী ২৯ জুলাই বন্দর ভবনে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে সংগঠনের সভাপতি শামসুল আলম, কার্যকরী সভাপতি সৈয়দ জালাল উদ্দীন প্রমুখও বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২১২৮ঘ.
bdnews24