বান্দরবান, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলায় শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খেলোয়াড়সহ ৩০ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা নিতে এসে স্বাস্থ্য কমপ্লেক্সেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য কমপ্লেক্সসহ লামা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মডার্ন স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় নয়াপাড়া একাদশ এবং চেয়ারম্যান পাড়া একাদশের মধ্যে খেলা চলছিল। খেলায় ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত। পরে পরিস্থিতি শান্ত হলে খেলা শেষ হয়।
স্থানীয় একজন সাংবাদিক জানান, সন্ধ্যায় নয়াপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকরা চেয়ারম্যান পাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের উপর হামলা চালায়।
সংঘর্ষে আহতরা হলেন- মানিক (১৪), ইরান (১৬), খোকন (২৬), হারুনুর রশিদ টিটু (১৮), পিন্টু (২০), রমজান (১৫), আজাদ (২২), তাজু (১৬), সাজু (২২), মানিক (১৫), জুয়েল (১৮), রুবেল (১৬), রাকিব (১৬), রহমত (২০)।
চিকিৎসা নিতে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ ও সংঘর্ষকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
লামা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল রাতে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সন্ধ্যার পর সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪০ ঘ.
bdnews24