২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের জন্য খুলনায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

যৌতুকের টাকা না পেয়ে নগরীর দৌলতপুর থানার সদরডাঙ্গা এলাকায় আঁখি (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

খুলনা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা না পেয়ে নগরীর দৌলতপুর থানার সদরডাঙ্গা এলাকায় আঁখি (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঁখির স্বামী রফিকুল ইসলাম, শাশুড়ি সামেলা বেগম এবং ননদ তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঁখির বাবা সামাদ শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। দৌলতপুর থানার উপ-পরিদর্শক বিকাশ দাস জানান, রফিকুল ইসলাম স্ত্রী আঁখিকে তার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ১০ হাজার টাকা নিয়ে আসতে বলে। আঁখি তাতে অপারগতা প্রকাশ করলে রফিকুল তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে আঁখি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর আঁখি মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৫২ ঘ.