মুন্সীগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটখালি নামক স্থানে শুক্রবার দুপুরে বাস চাপায় মেহেরুন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মেহেরুন কেওটখালির মতিন খালাসীর মেয়ে।
দুপুর তিনটার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক বন্ধ করে দেয়। এতে দুপাশে যানজট লেগে যায়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আবার যান চলাচল শুরু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, মাওয়া থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেহেরুনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেহেরুন মারা যায়।
ওসি জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়কে বেরিক্যাড দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুপাশে আটক পড়ে কয়েক শ' যানবাহন।
পরে সাংসদ সুকুমার রঞ্জন দোষীদের বিচারের আশ্বাস দিলে জনতা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেয়। এতে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.
bdnews24