২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচারীরা আমাকে অপসারণ করতে চেয়েছিল: বিচারপতি সিনহা

সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদের সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি এস কে সিনহা অভিযোগ করেছেন, ওই সময় তাকে বিচারপতির পদ থেকে অপসারণের চেষ্টা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমদের সরকারকে 'স্বৈরাচারী' আখ্যা দিয়ে আপিল বিভাগে নবনিযুক্ত বিচারপতি এস কে সিনহা অভিযোগ করেছেন, ওই সময় তাকে বিচারপতির পদ থেকে অপসারণের চেষ্টা হয়েছিল। বৃহস্পতিবার আপিল বিভাগের প্রধান বিচারপতির বিচারকক্ষে নবনিযুক্ত চার বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বিচারপতি সিনহা বলেন, "জরুরি অবস্থার সময় কিভাবে স্বৈরাচারী শাসক আমাকে অসাংবিধানিক উপায়ে অপসারণ করার উদ্যোগ নিয়েছিল তা সবার জানা। আইনজীবী সমিতির সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠায় তখন শাসকের বিরুদ্ধে লড়েছেন। অসাংবিধানিক দাবির কাছে মাথা নত না করার জন্য আমাকে সাহস যুগিয়েছেন।" 'দুঃসময়ে' পাশে থাকার জন্য আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "আইনজীবীরা আমার জীবনের দু'টি ক্রান্তিকালীন সময়ে আমাকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। নইলে আমি অঙ্কুরেই ঝরে যেতাম। এজন্য সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে অবিবেচকের কাজ হবে।" সংবর্ধিত আরেক বিচারপতি বি কে দাস বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারপতি মিলে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।" বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, "বিচারপ্রার্থী মানুষের প্রতি কেবল ন্যায়বিচার করলেই হবে না তারা যেন বুঝতে পারেন যে ন্যায়বিচার পেয়েছেন। সংবিধান ও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে হবে।" বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, "দেশের অধিকাংশ সাধারণ মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেদিকে আইনজীবী ও বিচারপতিদের লক্ষ্য রাখতে হবে।" নবনিযুক্ত চার বিচারপতিকে অভিনন্দন জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন আপিল বিভাগে বলেন, "এই চার বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের বাধা দূর হয়েছে।" নবনিযুক্ত বিচারপতিরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, "আপনারা হাইকোর্ট বিভাগে যেমন সংবিধান সমুন্নত রেখেছেন, আপিল বিভাগেও ব্যর্থ হবেন না বলে আইনজীবীদের প্রত্যাশা।" অনুষ্ঠানে ছুটিতে থাকা বিচারপতি মো. আজিজ ছাড়া আপিল বিভাগের সব বিচারপতি এবং ড. কামাল হোসেন, ড. এম জহির, ব্যারিস্টার রফিক-উল-হক, সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাদেরকে শপথবাক্য পাঠ করান। গত ১৪ জুলাই রাষ্ট্রপতি জিল্লুর রহমান আপিল বিভাগের এই ৪ বিচারপতিকে নিয়োগ দেন। এই নিয়োগকে কেন্দ্র করে আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। আপিল বিভাগে দু'টি বেঞ্চের স্থানে তা বাড়িয়ে তিনটি করা হয়েছে। ১ নং বেঞ্চে বসবেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, বিচারপতি এম এ মতিন, বিচারপতি বি কে দাস ও বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ২ নং বেঞ্চে বিচারকাজ করবেন বিচারপতি মোহাম্মদ ফজলুর করিম, বিচারপতি মো. জয়নাল আবেদীন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি এ বি এম খায়রুল হক। নবগঠিত ৩ নং বেঞ্চে বিচারকাজ করবেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি এস কে সিনহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/২০০৩ঘ.