চাঁদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের পুরানবাজারের আটটি গুদাম থেকে বৃহস্পতিবার ১৩ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লার র্যাব-১১ এবং চাঁদপুর উপকূলরক্ষী বাহিনী-কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে এসব জাল আটক করে।
কারেন্ট জাল রাখার অভিযোগে চাঁদ তারা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে নির্মল রায় (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা থেকে আসা র্যাব-১১ এর একটি দল ও কোস্টগার্ড যৌথভাবে পুরানবাজারে অভিযান চালায়।
তিনি জানান, আটক করা কারেন্ট জালের বাজারমূল্য ৭ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা। এসব জাল কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
লেফটেন্যান্ট আনওয়ারুল জানান, আটককৃত নির্মল রায়কে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24