ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মরিশাস থেকে বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানোর বিষয়ে সরকারকে আগাম তথ্য জানাতে ব্যর্থ হওয়ায় কেনিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে এর সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের একথা জানান।
মন্দার কবলে পড়া বস্ত্রখাতের স্থানীয় শ্রমিকদের চাকরি রক্ষায় প্রায় ৬ হাজার বাংলাদেশীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মরিশাস সরকার।
মরিশাসে বাংলাদেশর কোনো দূতাবাস নেই। তাই কেনিয়াস্থ বাংলাদেশ মিশন মরিশাসেও দায়িত্ব পালন করে থাকে।
কমিটির সভাপতি আরো বলেন, "রুমানিয়ায় হাজার হাজার বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে বিশেষ একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে তা সঠিক নয়।"
রুমানিয়া যাওয়ার প্রলোভনে কোনো দালাল বা অন্য কাউকে টাকা পয়সা না দেওয়ার বিষয়েও সতর্ক করে দিয়েছেন তিনি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রণালয়ের ভাষ্য
মরিশাস থেকে বাংলাদেশী শ্রমিক ফেরত পাঠানো সংক্রান্ত খবর সম্পর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশী শ্রমিক ফেরত পাঠানোর বিষয়ে মরিশাস বাংলাদেশ সরকারকে এ পর্যন্ত কোনো তথ্য জানায়নি। তবে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে মরিশাসে অনারারী কনসাল জেনারেল ও সেদেশে দায়িত্বপ্রাপ্ত কেনিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকে এব্যাপারে তথ্য সংগ্রহ করে অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়টি মন্ত্রণালয় সার্বক্ষণিক মনিটর করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এইচএ/১৫৫৯ ঘ.
bdnews24