মৌলভীবাজার, ২৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চা শিল্পে কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি ও উৎসব বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মজুরী বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নিম্নতম মজুরি বোর্ডের সদস্য রামভজন কৈরী।
রামভজন কৈরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১২ জুলাই ঢাকায় নিুতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কক্ষে মালিকপক্ষের প্রতিনিধি লায়লা রহমান কবির, শ্রমিক প্রতিনিধি রামভজন কৈরী এবং নিুতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ইফতেদার আহমদের সমন্বয়ে চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়।
"সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে 'এ' শ্রেণীর নিয়মিত চা শ্রমিকরা দৈনিক মজুরি ৩২ টাকা ৫০ পয়সার স্থলে ৪৮ টাকা, 'বি' শ্রেণীর শ্রমিকরা ৩১ টাকার স্থলে ৪৬ টাকা, 'সি' শ্রেণীর শ্রমিকরা ৩০ টাকার স্থলে ৪৫ টাকা পাবে।
"এ ছাড়া বছরে দুর্গা পূজা ও ফাগুয়া উৎসবে ২৫০ টাকার স্থলে ১ হাজার ২৪৮ টাকা করে দু'টি উৎসব বোনাস পাবে। একই সঙ্গে তাদের জন্য ১ টাকা ৩০ পয়সা দরে রেশন আগের মতো অব্যাহত থাকবে।
"মাসিক বেতনধারী শ্রমিকরা প্রতিমাসে ৮৭৫ টাকার স্থলে ১ হাজার ৮শ' টাকা করে পাবে।"
রামভজন কৈরী আরও বলেন, মজুরি বোর্ডে গৃহীত সিদ্ধান্ত শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশের পর তাতে উল্লেখিত তারিখ থেকে এটি কার্যকর হবে।
মজুরী বোর্ড সাধারণত ৫ বছর মেয়াদের জন্য গঠিত হয়। তবে চা শিল্পের ক্ষেত্রে শ্রমিক ও মালিক পক্ষ আলোচনার মাধ্যমে প্রতি দুই বছর অন্তর মজুীর পুনঃনির্ধারণ করতে পারবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি বছরের ১১ ফেব্র"য়ারি ৬ সদস্যের নিুতম মজুরি বোর্ড গঠিত হয়।
বোর্ডের সদস্যরা হলেন- নিরপেক্ষ সদস্য অধ্যাপক ইকবাল আহমদ, মালিক পক্ষের স্থায়ী সদস্য কাজী সাইফ উদ্দিন আহমদ, শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হেদায়েতুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের প্রতিনিধি লায়লা রহমান কবির ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সাধারণ সম্পাদক রামভজন কৈরী।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের হিসাব অনুযায়ী দেশের চা শিল্পে বর্তমানে ১ লাখ ২০ হাজার শ্রমিক কর্মরত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24