নরসিংদী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীতে একটি বস্ত্র কারখানায় মঙ্গলবার বিকেলে আগুন লেগে কাঁচামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যন্ত্রাংশ।
আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বেরোতে পাশের একটি কারখানার অন্তত পাঁচ শ্রমিক কমবেশি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক (ডিএডি) শহীদুর রহমান জানান, মমিন টেক্সটাইল মিল নামের এ কারখানায় কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নন।
ডিএডি জানান, দমকল বাহিনীর তিনটি ইউনিটের ছয়টি অগ্নিনির্বাপক গাড়ি এবং ৩৫ জন কর্মী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মমিন টেক্সটাইল মিলের মালিক এবং টেক্সাটাইল মিল মালিক সমিতির সভাপতি মানজু মিয়া জানান, আগুনে কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব তিনি জানাতে পারেননি।
কারখানার শ্রমিকরা জানান, বিকেল পৌনে ৫টার দিকে হঠাৎ করেই পুরো কারখানা ধোঁয়ায় ভরে যায়। গোটা এলাকায় তখন আতংক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নরসিংদী ফায়ার স্টেশন থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে। পরে পলাশ ও মাধবদী ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24