২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষের অপসারণ দাবি: গোপালগঞ্জ টেকনিক্যাল কলেজে বিক্ষোভ-ভাঙচুর

গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। তারা অধ্যক্ষকে তার কলেজ চত্বরের বাসায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

গোপালগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। তারা অধ্যক্ষকে তার কলেজ চত্বরের বাসায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এছাড়া তারা অধ্যক্ষের বাসা ও কলেজে ভাঙচুর চালায়। পরে পুলিশ প্রহরায় অধ্যক্ষকে বাসা থেকে বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বলেন, অধ্যক্ষ মনিরুজ্জামনকে জরুরি ভিত্তিতে গোপালগঞ্জ থেকে প্রত্যাহারের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার জন্য ফোনে জানিয়েছি। কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে তিনি আশা করছেন। সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসা ঘেরাও করে। এ সময় অধ্যক্ষ বাসার দরজা-জানলা বন্ধ করে দেন। শিক্ষার্থীরা বাসার দরজা ও জানলার কাচ ভাঙচুর করে। এ সময় তারা কলেজের অন্তত পাঁচটি শ্রেণী কক্ষের দরজা-জানলার কাচও ভাঙচুর করে। ১১ টার দিকে অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাহমুদ হোসেন, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হামিদুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ এক দল পুলিশ ঘটনাস্থলে আসে। তারা ছাত্র, শিক্ষক ও অধ্যক্ষের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজের ছাত্র ও শিক্ষকরা সাংবাদিকদের জানান, অধ্যক্ষের সীমাহীন দুর্নীতি, লুটপাট, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোমবার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছেন। অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত ক্লাস বর্জন ও বিক্ষোভ অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.