চাঁদপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মঙ্গলবার শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ কর্মকর্তারা।
সভায় কলেজে যাওয়া-আসার পথে উশৃঙ্খল তরুণদের বখাটেপনা, নানান কটুক্তি আর সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ছাত্রীরা।
তারা জানায়, কলেজে যাওয়া-আসার পথে তরুণরা ছাড়াও মাঝবয়সী লোকজন তাদেরকে উত্যক্ত করে। এতে তাদের বেশি বিড়ম্বনায় পড়তে হয়। কলেজ পোশাকের রং সাদা হওয়ায় অনেকে তাদেরকে 'বিধবা' বলে। অনেক শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগেই বিয়ে দেওয়া হচ্ছে।
ছাত্রীদের এসব বিড়ম্বনা দূর করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, ''যারা ছাত্রীদের কলেজে যাওয়া-আসার পথে উত্যক্ত এবং কটুক্তি করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এ কাজে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।''
বখাটেপনার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ফোনে পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।
বাল্য বিবাহ বিষয়ে কৃষ্ণপদ রায় বলেন, ''সামাজিক বিভিন্ন প্রেক্ষপট ও বাস্তবতার কথা চিন্তা করে অনেক সময় দরিদ্র পরিবারের বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয় না।''
কলেজ অধ্যক্ষ সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টি এম মুজাহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24