২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, বাড়িতে হামলা-ভাঙচুর

জমির নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার রায়পুর ছয়ঘড়িয়া গ্রামে সোমবার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঝিনাইদহ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমির নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার রায়পুর ছয়ঘড়িয়া গ্রামে সোমবার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় দু'টি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে ঝিনাইদহের মহেশপুরে ৯ জন, চুয়াডাঙ্গার জীবননগরে ৬ জন এবং যশোর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের প্রায় সাড়ে ৫ বিঘা জমি নিয়ে কাজিরবেড় ইউনিয়নের সাবেক সদস্য ছয়ঘড়িয়া গ্রামের আফতাব হোসেন এবং একই গ্রামের মনজিল আলির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে মনজিল আলির লোকজন জমি দখল করতে গেলে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ ঢাল, শরকী, রামদা, ফালা, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আফতাব হোসেন বলেন, আদালতের রায় পেয়ে তারা ২০০৪ সাল থেকে জমিটি ভোগ দখল করছেন। তাদের নামে হাল রেকর্ডও হয়েছে। সংঘর্ষ কালে তার ও তার ভাই দাউদ হেসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। কাজিরবেড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলি জানান, বিরোধীয় জমিটি দুই পক্ষই কিনেছে। তবে আবতাব হোসেন ও তার ভাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। এ ব্যাপারে মনজিল আলীর সমর্থক কাজিরবেড় ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমিটি আফতাব ভোগ দখল করলেও আসল মালিক মনজিল আলী। তাই তারা দখল করতে যায়। মনজিল আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.