ঢাকা, জুলাই ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেয়াল লিখন ও কৃষি গবেষণা সংক্রান্ত দুটি আইন নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন দুটির অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, "সভায় দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন (নিয়ন্ত্রণ)-২০০৯ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। যত্রতত্র পোস্টার লাগানো ও দেয়াল লিখন বন্ধের উদ্দেশে এ আইন করা হয়েছে।"
তবে সরকারের প্রচারণা ও জাতি গঠন মূলক কাজে বিলবোর্ড লাগানোর সুযোগ থাকবে বলে তিনি জানান।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন-২০০৯ নীতিগত অনুমোদনের কথা জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, "কৃষিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আইন অনুমোদন দেওয়া হয়েছে।"
গবেষকরা যাতে আর্থিক সমস্যায় না পড়েন, সে জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে প্রেস সচিব জানান।
সভায় মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৪৩৬ ঘ.
bdnews24