২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার ভোররাতে ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 06:22 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সোমবার ভোররাতে ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহতের নাম- শওকত আলী (৫৫)। শহরের বালুরমাঠ এলাকার নূর মসজিদ মার্কেটে তার টায়ারের দোকান রয়েছে। আহতরা হলেন- গৃহকর্ত্রী নাসিমা আক্তার (৪২), ছেলে শফিকুল ইসলাম (২৮) ওই বাড়ির ভাড়াটে মনির (২৫) ও তার বাবা জাবেদ মিয়া (৪৫)। মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একটি তৈরী পোশাক কারখানায় কাজ করেন। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) জীবন কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফতুল্লার দক্ষিণ কাইয়ুমপুর এলাকার শওকত আলীর বাড়িতে রাত ৩টার দিকে ৭/৮ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। তাদের ছুরিকাঘাতে শওকত ঘটনাস্থলেই মারা যান। নিহতের ছেলের বউ কণিকা সাংবাদিকদের বলেন, ''ডাকাতরা কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে।" ওই সময় বাধা দিলে শওকত আলীকে তারা হত্যা করে এবং বাড়ির অন্যদের এলোপাথাড়ি কোপায় ও হাতুড়ি দিয়ে পেটায় বলে তিনি জানান। কনিকা বলেন, ''ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করেছে।'' ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/এমএসবি/১৮৪৫ ঘ.