২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অপরাধের হার অনেক কমে এসেছে : ডিএমপি কমিশনার

আগের তুলনায় রাজধানীতে অপরাধের হার অনেক কমে এসেছে বলে দাবি করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। রোববার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় কমিশনার এ কে এম শহিদুল হক এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের তুলনায় রাজধানীতে অপরাধের হার অনেক কমে এসেছে বলে দাবি করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। রোববার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় কমিশনার এ কে এম শহিদুল হক এ কথা বলেন। গণমাধ্যম প্রতিনিধিদের সামনে চলতি বছরের মে ও জুন এবং গত বছরের জুন মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরে কমিশনার বলেন, "আগের তুলনায় রাজধানীতে অপরাধের হার অনেক কমে এসেছে। তবে এ হার আরো কমানো প্রয়োজন। এজন্য পুলিশ কর্মকর্তাদের আরও সচেষ্ট হতে হবে।" এছাড়া ট্রাফিক পুলিশ কর্মীর স্বল্পতার কারণে রাজধানীর যানজট সমস্যা পুরোপুরি নিরসন করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন কমিশনার। শহিদুল হক বলেন, প্রয়োজনীয় লোকবল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। লোকবল পাওয়া গেলে রাজধানীর যানজট সমস্যা অনেকাংশে নিরসন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। শহিদুল হক বলেন, বর্তমানে রাজধানীতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে মোট ২২শ' ট্রাফিক সদস্য কাজ করছেন। কিন্তু এখানে কমপক্ষে পাঁচ হাজার ট্রাফিক সদস্য প্রয়োজন। জনবলের সঙ্কট ছাড়াও সড়কগুলোতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত গাড়ি ও মানুষের নিয়ম না মানার প্রবণতাও যানজটের জন্য অনেকাংশে দায়ী বলে মত দেন পুলিশ কমিশনার। রাজধানীতে পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বাইরের একটি চক্র পরিবহন খাতে চাঁদাবাজি করছে। কিছুদিন আগে মালিকদের সঙ্গে আমরা এ নিয়ে বৈঠক করেছি। তাদের সঙ্গে আলোচনা করে একটি কমিটিও গঠন করেছি। আমরা এ খাতের চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করতে পারবো বলে আশা করছি।" মাসিক অপরাধ সভায় মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারাসহ সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২৩৪৩ঘ.