২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই-র সাবেক সিইও সালাউদ্দিন আহম্মেদকে বেক্সটেক্সের লিগ্যাল নোটিশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন আহম্মেদ খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বেক্সটেক্স লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন আহম্মেদ খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বেক্সটেক্স লিমিটেড। লভ্যাংশ বিতরণের ঘোষণা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমে প্রচারিত তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ নোটিশ পাঠানো হয়। বেক্সিমকো গ্র"পের একটি অঙ্গপ্রতিষ্ঠান বেক্সটেক্স লিমিটেডের পাঠানো নোটিশে বলা হয় "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এবং ডিএসই এর সাবেক সিইও সালাউদ্দিন আহম্মেদ এর শোনা কথার ভিত্তিতে দেওয়া হালকা মন্তব্যের কারণে বাজারে শেয়ারের দাম দ্রুত পড়ে যাওয়ার পাশাপাশি কোম্পানিটির লোকসান ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।" কোম্পানির পক্ষে ব্যারিস্টার রফিকুল হক স্বাক্ষরিত লিগ্যাল নোটিশটি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সালাউদ্দিন আহম্মেদকে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে তার মন্তব্যের সংশোধনী পাঠাতে বলা হয়েছে। অন্যথায় দেওয়ানী ও ফৌজদারী উভয় ধরণের আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে সালাউদ্দিন আহম্মেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তখন পর্যন্ত নোটিশটি হাতে পাননি। তিনি বলেন, "যদি এটা কোন 'লিগ্যাল নোটিশ' হয় তাহলে কোন মন্তব্য করা উচিত হবে না।" সালাউদ্দিন আহম্মেদ গত ১০ জুলাই দৈনিক প্রথম আলোকে বলেন, "শুনেছি কোম্পানিটি সম্পদ পুনর্মূল্যায়ন করে তা মজুদ হিসাবে দেখিয়ে লভ্যাংশ দিয়েছে। আমার জানামতে পুনর্মূল্যায়িত সম্পদ বিক্রির মাধ্যমে মুনাফা না করে কোন লভ্যাংশ দেওয়া যায় না। কোম্পানিটি এমনিতেই লোকসান করছে। তার উপর সম্পদ থেকে লভ্যাংশ দিয়ে কোম্পানিটিকে আরও দুর্বল করে ফেলা হচ্ছে। যা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার শামিল।" নোটিশে দাবি করা হয়েছে বেক্সটেক্স মজুদ তহবিল থেকেই লভ্যাংশ বিতরণের ঘোষণা দেয় এবং তা বাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত ছিলো। এতে সালাউদ্দিন আহম্মেদের মন্তব্যকে 'আক্রমণাত্মক ও মানহানিকর' বলেও উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএনএস/এসকে/২৩২১ঘ.