চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজের সংঘর্ষের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ও নৌ-বাণিজ্য অধিদপ্তর পৃথক এ দুটি তদন্ত কমিটি গঠন করে।
রোববার থেকেই উভয় কমিটি ঘটনা তদন্তে প্রাথমিক কাজ শুরু করেছে।
শনিবার সকালে বন্দরের মূল চ্যানেলে জিপসামবাহী একটি লাইটার জাহাজের সঙ্গে বন্দরের ড্রেজার জাহাজ 'খনক' এর সংঘর্ষ হয়। এতে তলা ফেটে লাইটার জাহাজ এমভি মডার্ন চ্যানেলের মাঝখানে ডুবে যায়। তবে নিমজ্জিত জাহাজটিকে দ্রুত টাগবোটের সাহায্যে চ্যানেল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটেনি।
এ দুর্ঘটনায় ড্রেজার খনকেরও ক্ষতি হয়।
এ দুর্ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন রহমত উল্লাহকে প্রধান করে দুই সদস্যের এবং নৌ বাণিজ্য অধিদপ্তর ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এ এফ এম সিরাজুল ইসলামকে আহবায়ক করে চার সদস্যের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে।
নৌ-বাণিজ্য অধিদপ্তরের তদন্ত কমিটির প্রধান এ এফ এম সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তদন্তের প্রাথমিক কাজ শুরু করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রোববার কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামী মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হবে বলে তিনি জানান।
সিরাজুল ইসলাম বলেন, পাঁচ কর্মদিবসের মধ্যে তারা তদন্ত কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২২২৫ঘ.
bdnews24