২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: অজ্ঞাতনামা সাতশ' জনকে আসামি করে মামলা

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার অজ্ঞাতনামা অন্তত সাতশ' জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

টাঙ্গাইল, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার অজ্ঞাতনামা অন্তত সাতশ' জনকে আসামি করে পুলিশ একটি মামলা করেছে। ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি কমিটি করেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের ঘটনায় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ছয় থেকে সাতশ' জনকে আসামি করে একটি মামলা করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নূরুল ইসলাম মিয়া জানান, অধ্যাপক মতিউর রহমানকে আহ্বায়ক, প্রক্টর মাহবুবুল হককে সদস্য সচিব এবং সহকারী অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান। শনিবার সকালে সন্তোষ বাজারে মাছের দাম নিয়ে দর কষাকষির এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ বেধে যায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয় এলাকার লোকজন। হামলার সময় অন্তত ২৫টি দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.