চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী সার কোম্পানির (কাফকো) ক্রয় কর্মকর্তা আওরঙ্গজেব হোসেন মিঠু খুনের ঘটনায় দু'জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা চুরি করতে গিয়ে তাকে হত্যার কথা স্বীকার করেছে।
আটকরা হচ্ছে- মোহাম্মদ মোহসিন (৩২) ও মোহাম্মদ রফিক (২০)।
গত ২৪ জুন গভীর রাতে পাঁচলাইশ থানার মিমি সুপার মার্কেট সংলগ্ন মিম টাওয়ারের নিজ ফ্ল্যাটে মিঠু খুন হন। ২৬ জুন বিকোলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মিঠুর স্ত্রী শাহনুর আক্তার প্রিয়া ও শ্বশুর বাড়ির দারোয়ান মহিউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা কারাগারে আছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার নিজ নিজ বাড়ি থেকে মোহসিন ও রফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মিঠুর ব্যবহৃত মোবাইল ফোন, ক্যামেরা, এমপিথ্রি ও সিডি প্লেয়ার উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি গোল্ডেন হিল সিগারেটের প্যাকেটের সূত্র ধরে বান্দরবানের আজিজনগরে ১০ দিন অবস্থানের পর মোহসিন ও রফিককে গ্রেপ্তার করি। তারা হত্যাকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।"
জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের বরাত দিয়ে এসআই আজিজ জানান, তিনজন চোর ২৪ জুন রাত দেড়টার দিকে মিম টাওয়ারের পাইপ বেয়ে ওপরে ওঠে মিঠুর ঘরে চুরি করতে যায়। এ সময় তিনি টের পেলে মোহসিন ও রফিক ঘরে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।
এ ঘটনায় জড়িত অন্য চোর রিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসকে/২৩০৩ঘ.
bdnews24