ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধির সচিব সাদিক আহমেদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনে চাঁদা দাবিকারী নিজেকে শাহাদাত নামে পরিচয় দিয়ে এসএ পরিবহনের '৫৫ নবীনগর শাখায়' রনি নামের একজনের কাছে ১০ হাজার টাকা দিতে বলে। এজন্য রনির কথিত মোবাইল ফোন নম্বরও (০১৯২৪২৭৬২২৯) দিয়েছে সে।
'শাহাদাত' সাদিককে এ বিষয় অন্য কারও কাছে না বলার হুমকি দিয়ে বলেছিল, কারও কাছে জানালে তার পরিণতি হবে ভয়াবহ।
চাঁদা দাবিকারী সাদিকের বাসার ঠিকানা উল্লেখ করে বলে, তার সহযোগীরা আশপাশে অবস্থান করছে।
বেলা ১১টার দিকে সাদিক প্রথম ফোন পান তার বনানীর অফিসে থাকা অবস্থায়। এর কিছুক্ষণ পর বাসা থেকে তাকে জানানো হয় যে অজ্ঞাত এক লোক ল্যান্ডফোনে ফোন করে তার অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে।
সাদিক এ ঘটনায় ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/২৩১৫ঘ.
bdnews24