ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় টাঙ্গাইলের কটিয়াদি উপজেলার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলনকে শুক্রবার সন্ধ্যায় রাজধানী থেকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা জানান, এ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করেন তিনি। তার বিরুদ্ধে গত ১৯ মার্চ জনৈক আহসান হাবিব চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী আহসান হাবিব বাংলাদেশ টেলিভিশনে কর্মরত বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৫০ ঘ.
bdnews24