হবিগঞ্জ, জুলাই ০৯ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীরে বোমা বেঁধে হবিগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভবনে ঢুকে কর্মকর্তাকে জিম্মি করার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি শাহীন মিয়ার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
ঘটনা তদন্তে করা হয়েছে একটি কমিটি।
বুধবার বিকেলে শাহীন এক শিশুর গলায় ছুরি ধরে বিটিসিএল ভবনে ঢুকে উপ-সহকারী প্রকৌশলীকে জিম্মি করেন। পুলিশ ও র্যাবের তিন ঘন্টা অভিযানের পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মুলেন্দু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার ফজলুর রহমান চৌধুরী এবং পুলিশের উপ-মহাপরিদর্শক মোশারাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুন্নবীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নির্মুলেন্দু চক্রবর্তী আরও জানান, বিস্ফোরণ ঘটানো এবং সরকারি কর্মকর্তাকে নাজেহালের অভিযোগে শাহীনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার সম্পর্কে তথ্য জানার জন্য তার বড় ভাইয়ের স্ত্রী মেহেরুন্নেছাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সে শাহীন সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।
তিনি জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘটনার পর বুধবার রাতে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, শাহীনের প্রাথমিক পরিচয় জানা গেছে। তার বাড়ি সদর উপজেলার বড় বহুবল গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে ধারণা করা হচ্ছে ।
জেএমবির বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানের বাড়ি জেলার বাহুবল উপজেলায়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24