সাতক্ষীরা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা বৃহস্পতিবার নিরসন হয়েছে।
ভোমারার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করায় অচলাবস্থার অবসান হল।
বৃহস্পতিবার বিকালে ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ ঘোষ চিঠি দিয়ে ভোমরার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি অবহিত করেছেন বলে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান।
তিনি জানান, এর ফলে শনিবার থেকে ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
১ জুলাই ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক সদস্যের কার্যালয়ের সামনে ট্রাক রাখাকে কেন্দ্র করে ট্রাকচালকদের সঙ্গে এজেন্টদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তারা কাজ বন্ধ করে দিলে উভয় বন্দরের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
তবে আটকে পড়া ট্রাকের পণ্য খালাসের জন্য ঘোজাডাঙ্গার সিঅ্যান্ডএফ এজেন্টারা শনি ও রোববার কাজ করেন। কিন্তু সংঘর্ষের ঘটনায় প্রশাসন তাদের দাবি না মানায় সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।
বৃহস্পতিবার ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানালেও বন্দরে কোন কাজ হয়নি।
বন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি আমি আমাদের এখানকার সিঅ্যান্ড এজেন্ট সমিতির নেতাদের কাছ থেকে শুনেছি।"
ধর্মঘটের কারণে ভোমরা কিংবা ঘোজাডাঙ্গায় পণ্যবাহী ট্রাক ছিল না। তাই বৃহস্পতিবার কোন কাজ হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৭ ঘ.
bdnews24