হবিগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীরে বোমা বেঁধে হবিগঞ্জের বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি.) ভবন দখলে নেওয়া জঙ্গিকে সন্ধ্যায় আটক করা হয়েছে। এরই সঙ্গে অবসান হয়েছে বিকেল ৫টা থেকে শুরু হওয়া জিম্মি নাটকেরও।
শাহীন মিয়া (৩৫) নামের ওই জঙ্গি এক শিশু ও বিটিসিএলের উপসহকারী প্রকৌশলীকে জিম্মি করে রেখেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার পর থেকেই পুলিশ ও র্যাব সদস্যরা ভবনটি ঘেরাও করে ওই জঙ্গিকে আলোচনা করার আহ্বান জানায়। আলোচনার এক পর্যায়ে র্যাব সদস্যরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তখনো জিম্মি ছিলেন উপসহকারী প্রকৌশলী আরব আলী। এর পর অপর জিম্মিকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার শুরুতেই ভবন থেকে পালিয়ে আসা আরেক উপসহকারী প্রকৌশলী শিরিষ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৫টার দিকে এক শিশুকে নিয়ে ওই জঙ্গি বিটিসিএল অফিসে ঢুকে পড়ে। এ সময় কর্মরতাদের অফিসের সুইচ বন্ধ করে দিতে বলে সে।"
জিম্মি ঘটনার অবসানের পর শিরিষ চন্দ্র দাশ বলেন, "সন্ধ্য ৭টা ৫৫ মিনিটের দিকে র্যাব সদস্যরা ওই জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছেন। গাড়িতে করে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।"
ওই জঙ্গিকে আটকের আগে ৫ রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলেও দাবি করেন বিটিসিএলের এই কর্মকর্তা।
তিনি বলেন, "আমরা অফিসে ঢুকে সেখানে রক্তের দাগ দেখতে পেয়েছি। মনে হচ্ছে ওই জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।"
রাতে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা ওই জঙ্গির প্রাথমিক পরিচয় জানতে পেরেছি। তার নাম শাহীন মিয়া। বাড়ি সদর উপজেলার বড় বহুবল গ্রামে।"
আক্কাস উদ্দিন আরও জানান, শাহীনের দেহে দেশে তৈরী চারটি হাতবোমা বাঁধা ছিলো। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর তিনটি র্যাব সদস্যরা পরে নিস্ক্রিয় করেছে। শাহীন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে ধারণা করা হচ্ছে । সুস্থ হলে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জেএমবির বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানের বাড়ি জেলার বাহুবল উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/এএনএস/এইচএ/০০৪০ ঘ.
bdnews24