২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুতের দাম বৃদ্ধি নয়, সেবার মান বাড়ান'

গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব যুক্তিসঙ্গত নয় দাবি করে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব যুক্তিসঙ্গত নয় দাবি করে সেবার মান বাড়ানোর আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ আরইবির বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাবের ওপর এক গণশুনানিতে তারা বলেছে, মূল্য বৃদ্ধি নয়, আরইবির সেবার মান উন্নত করতে হবে। গণশুনানিতে বিইআরসির সদস্য এমদাদুল হক বলেন, "সেবার মান উন্নত করতে হবে। কিন্তু কীভাবে করবে আরইবির মূল্য বৃদ্ধির প্রস্তাবে তা উল্লেখ করতে হবে। এছাড়া কীভাবে দুর্ঘটনা মোকাবেলা করা হয় তা প্রস্তাবে উল্লেখ করা প্রয়োজন। গ্রাহকদের লোডশেডিং আগাম জানানো হয় কিনা তারও উল্লেখ নেই। সেবার মান বৃদ্ধি না করে দাম বৃদ্ধির কোনও যুক্তি নেই।" আরইবি গৃহস্থালি পর্যায়ে শূন্য থেকে ১০০ ইউনিট ( প্রতি কিলোওয়াট ঘণ্টা) ১৫ দশমিক ১৯ শতাংশ, ১০১ থেকে ৩০০ ইউনিট ২৬ দশকিক ১৯ শতাংশ, ৩০১ থেকে ৫০০ ইউনিট ও ৫০০ ইউনিটের ওপরে ১৮ দশমিক ২৮ শতাংশ দাম বাড়নোর প্রস্তাব দেয়। ভোক্তা সংগঠনের পক্ষে তুরিন আফরোজ বলেন, "বেস্ট প্র্যাকটিশ ম্যানেজম্যান্ট না থাকার কারণে বছরের পর বছর ধরে লোকসান গ্রাহকের ওপর চাপনো হতো। এছাড়া আরইবি অতিরিক্ত সংযোগ দিয়েছে।" কনজ্যুমারস অ্যাসোসিশেয়শন অব বাংলাদেশের পক্ষ থেকে অধ্যাপক শামসুল আলম বলেন, "আরইবির বিভিন্ন হিসাবে অনেক গড়মিল আছে। তাদের সিস্টেম লস অস্বাভাবিক। তাদের হিসাব থেকে সিস্টেম লসের প্রকৃত চিত্র বোঝা যায় না। আরইবিকে বাঁচাতে হলে দাম বৃদ্ধি নয়, বিতরণ ব্যবস্থান উন্নতি করতে হবে।" গণশুনানিতে আরইবি পক্ষ থেকে বলা হয়, তাদের সেবার মান ভালো। গ্রাহক পর্যায় থেকে কোনও অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়। আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সিস্টেমের কারণে গরমে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিতরণ লাইন বিকল হয়ে পড়ে। তাই লোডশেডিং এর তথ্য আগাম জানানো যায় না বলে দাবি করেছে দেশের পল্লী এলাকায় বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটি। আরইবি জানায়, দেশের ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে মাত্র ৪টি লাভজনক। ৬৬টিই লোকসানে আছে। প্রস্তাবিত হারে মূল্য বৃদ্ধি করা হলে কিছু সমিতি লাভজনক হবে। গণশুনানিতে আরইবির চেয়ারম্যান ভূঁইয়া শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিইআরসির সদস্য মোখলেসুর রহমান শুনানি পরিচালনা করেন। সাতটি পল্লী বিদ্যুত সমিতির সাতজন সদস্য তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিস্তর ফারাক রয়েছে। সেবার মান সন্তোষজনক নয়। আরইবি গত বছরের ১৭ ডিসেম্বর বিইআরসির কাছে মূল্য বৃদ্ধির প্রস্তাব জমা দেয়। ২১ এপ্রিল এ বিষয়ে একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। কমিশন জানিয়েছে, পাইকারি (বাল্ক) পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলেও ২০০২ সালের পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আর বাড়ানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬৪৫ ঘ.