ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সরকারের বিশেষ নিরাপত্তা দেওয়া প্রয়োজন বলে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন।
তিনি বলেন, ''বিরোধী দলীয় নেতাকেও এসএসএফ-এর নিরাপত্তা দেওয়া উচিৎ।''
জাতির জনকের পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তা আইন নিয়ে মঙ্গলবার মতিঝিলে নিজের চেম্বারে সাংবাদিকদের কাছে প্র্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মওদুদ বলেন, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করতে না পেরে সরকার এই আইনটি প্রণয়ন করেছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগনের জন্য নিরাপত্তা আইন, ২০০৯' নীতিগতভাবে অনুমোদন করা হয়।
সাবেক আইনমন্ত্রী বলেন, "খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে উচ্ছেদ করতে না পেরে সরকার এই আইনটি করেছে। এরকম আইন করতে হলে অবশ্যই তা নিয়ে আগে সংসদে আলোচনা করতে হবে। কারণ নিরাপত্তার বিষয়টির সঙ্গে রাষ্ট্রের আর্থিক সম্পর্ক জড়িত।''
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এখন এসএসএফ-এর নিরাপত্তা পাচ্ছেন। এখনও এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে এই ধরনের আইন করার যৌক্তিকতা রয়েছে।''
এই আইনটিকে এখনই কার্যকর করার কোনো সুযোগ নেই বলেও অভিমত দেন সাবেক আইনমন্ত্রী।
তিনি বলেন, প্রস্তাবিত আইনটি এখনই কার্যকর করার বিষয়টি অবাস্তব। সংসদে এ সংক্রান্ত বিল পাস হলেই কেবল তা আইনে পরিণত হবে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২১৩৬ ঘ.
bdnews24