২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে কাজে লাগানোর সুপারিশ

বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি মনে করে, সরকার এসব প্রতিষ্ঠানকে কাজ করার আনুষ্ঠানিক অনুমতি দিলে তারা খেলাপি ঋণ আদায়ে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। পাশাপাশি আন্তঃব্যাংক ও ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে 'ন্যায়পাল' পদ সৃষ্টিরও সুপারিশ করেছে কমিটি। আ হ ম মুস্তফা কামাল বলেন, "বর্তমানে ঋণ খেলাপিদের কাছ থেকে কোনো অর্থই উদ্ধার করা যাচ্ছে না। এক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে ব্যাংকগুলোকে ক্ষতি থেকে উদ্ধারে সাহায্য করতে পারে।" বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, "বাংলাদেশেও বেশকিছু ব্যাংক অনানুষ্ঠানিকভাবে অনুরূপ ব্যবসা করছে। এজন্য এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে আইনানুযায়ী স্বীকৃতি দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছি।" বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। ন্যায়পাল পদ সৃষ্টি করার সুপারিশ প্রসঙ্গে কমিটির চেয়ারম্যান বলেন, "ন্যায়পাল পদটি তৈরি করা হলে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলো তদারক করা যাবে।" এ ব্যাপারে পরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২০৪৮ঘ.