পিরোজপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুর শহরতলীর রানীপুর এলাকার একটি আইসক্রিম কারখানায় রোববার সকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরিফ (২৫) নামে একজন শ্রমিক মারা গেছেন।
বিস্ফোরণে কারখানার মালিক আব্দুল হালিমও (৩৫) আহত হন। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ আরিফের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। সিলিন্ডারটি ফেটে লোহার টুকরা বুকে ও পেটে লেগে ঘটনাস্থলেই আরিফ মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24