২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী গঠনতন্ত্রের জন্য আরও সময় দিতে রাজি ইসি

স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও সময় দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আরও সময় দিতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার সাংবাদিকদের এ কথা জানান। ছহুল ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "স্থায়ী গঠনতন্ত্রের জন্য আরও সময় দিতে ইসি প্রস্তুত আছে।" স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আরও ছয় মাস সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিও এ জন্য আরও সময় চাওয়ার আভাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসি কী করবে- জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার ছহুল বলেন, "সময় বাড়াতে আমাদের সমস্যা নেই। তবে এজন্য আমাদের হাতে লিখিত আবেদন আসতে হবে। তা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব।" তবে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতেই হবে বলে ছহুল জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত বর্তমান নির্বাচন কমিশন দেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত করার উদ্যোগ নেয়। নিবন্ধনের সব শর্ত পূরণে সময় প্রয়োজন- উল্লেখ করে বিভিন্ন দল পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করবে বলে নবম সংসদ নির্বাচনের আগে ইসিকে প্রতিশ্র"তি দেয়। একটি খসড়া গঠনতন্ত্র জমা নিয়ে ইসি ওই সময় দলগুলোকে নিবন্ধন দেয়। চলতি বছরের ২৫ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার কথা থাকলেও অনেক দলই এখন পর্যন্ত তা দেয়নি। নতুন আইন অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনও দল নির্বাচনে অংশ নিতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.