২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের দোষ দিলেন আমদানিকারকরা

বাজারে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের দোষ দিলেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, পাইকারী বাজারে কম দামে পণ্য বিক্রি হলেও খুচরা বিক্রেতারা তাদের ইচ্ছেমতো দরে বিক্রি করছেন। এ কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাজারে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীদের দোষ দিলেন আমদানিকারকরা। তাদের অভিযোগ, পাইকারী বাজারে কম দামে পণ্য বিক্রি হলেও খুচরা বিক্রেতারা তাদের ইচ্ছেমতো দরে বিক্রি করছেন। এ কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে। শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে আসন্ন রমজানে ভোগ্যপণ্য মূল্য স্বাভাবিক রাখতে আয়োজিত মতবিনিময় সভায় আমদানিকারকরা এ অভিযোগ করেছেন। চট্টগ্রামের আমদানিকারকদের সঙ্গে চেম্বার এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে রমজানে পণ্য মূল্য স্বাভাবিক রাখতে পাইকারী ও খুচরা উভয় বাজারে চেম্বারের উদ্যোগে দর পর্যবেক্ষণ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রমজানের আগের একমাস দেশের সব স্থলবন্দরে ব্যাংক ও কাস্টমস কার্যালয় সপ্তাহের সাতদিন খোলা রাখার দাবি জানান আমদানিকারকরা। এ জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চেম্বার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি এস এম শফিউল হক, আমদানিকারকদের মধ্যে মাসুদ অ্যান্ড ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আবুল বশর চৌধুরী, বেঙ্গল কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী এম এ মালেক, নুরুল আলম, মো. সামসুদ্দোহা প্রমুখ। সভায় চেম্বার সভাপতি আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকদের প্রতি আহবান জানান। তিনি বর্তমান সরকারের আমলের প্রথম রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রেখে চট্টগ্রামে ইতিহাস গড়ার আহবান জানান। চট্টগ্রামে মূল্য স্বাভাবিক রাখতে আমদানিকারক, খুচরা ব্যবসায়ী, চেম্বার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মূল্য পর্যবেক্ষণ কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। বৈঠকে আমদানিকারক আবুল বশর চৌধুরী বলেন, যেকোন সময় পণ্যের দাম বাড়লে আমাদের দায়ী করা হয়। অথচ আমদানিকারকরা সামান্য লাভে পণ্য বাজারে বিক্রি করে দিই। কিন্তু খুচরা বিক্রেতারা বাজারে তাদের ইচ্ছেমতো দাম নিচ্ছে। তিনি দাম নির্ধারণ করে আগে কখনো সুফল পাওয়া যায়নি উল্লেখ করে বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্য এক ব্যবসায়ী এম এ মালেক বলেন, রমজান মাসে চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় দাম বাড়ে। তিনিও অভিযোগ করেন খুচরা ব্যবসায়ীরা বাজারে নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছে। সভায় পেয়াঁজ আমদানিকারক সামসুদ্দোহা বলেন, "খুচরা বিক্রেতারা ক্রেতাদের গলায় ছূরি চালাচ্ছেন। বাজার মনিটরিংয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা জরুরি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫৫ঘ.