নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেড কোর্সকে এইচএসসির সমমান দেওয়াসহ ছয় দফা দাবিতে শনিবার নারায়ণগঞ্জের বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্ররা ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে।
বিক্ষুব্ধ ছাত্ররা গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে প্রতিষ্ঠানের বেশ কয়েকটি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অবস্থিত মেরিন টেকনোলজির আন্দোলনকারী ছাত্ররা জানান, শনিবার সকাল থেকে দাবি আদায়ের লক্ষ্যে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি দাওয়া লিখিতভাবে তারা অধ্যক্ষকে জানিয়েছেন। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সমাধান হয়নি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্ররা।
ইনষ্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিং র্কোসের দ্বিতীয় বর্ষের ছাত্র আতাউর হোসেন সাংবাদিকদের বলেন, "আমাদের এখানে চারটি ট্রেড ও দুটি ডিপ্লোমা কোর্স রয়েছে। ট্রেড কোর্স সম্পন্নকারীদের মেরিন থেকে সার্টিফিকেট দেওয়া হলেও সরকারিভাবে কোন সার্টিফিকেট দেওয়া হয় না।"
তিনি জানান, মেরিন থেকে দু' বছরের কোর্স করার পরে অন্য কোথাও উচ্চ শিক্ষায় ভর্তির হওয়ার কোনো সুযোগ নেই। তাই ট্রেড কোর্সকে এইচএসসির সমমান করার দাবি তুলেছেন তারা।
ইনষ্টিটিউটের অধ্যক্ষ কাজী মো. আলমগীর বলেন, "ছাত্রদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। কিন্তু ছাত্ররা তাদের দাবির ব্যাপারে অনঢ় থাকায় কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করার আশ্বাস দিলেও ছাত্ররা তা মানেনি।"
মেরিন টেকনোলজিতে বিভিন্ন কোর্সে প্রায় চারশ' ছাত্র-ছাত্রী আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24