২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাক-নসিমন সংঘর্ষে বাবা-ছেলেসহ ছয়জন নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ার মোড়ে শনিবার দুপুরে ট্রাকের সঙ্গে নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যান) মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ার মোড়ে শনিবার দুপুরে ট্রাকের সঙ্গে নসিমনের (শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় যান) মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার মাটিকাটা গ্রামের এনামুল (৪০) ও তার ছেলে বাবু (১১), আলাউদ্দিন (৫০), পূর্ব ভাটিপাড়ার তুষার (৩০), মহিষালবাড়ির ইলিয়াছ (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আঁখিলা গ্রামের রহমত আলী (১৮)। এদের মধ্যে বাবু ঘটনাস্থলে এবং অন্যেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। দুর্ঘটনায় আহত আরও সাতজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মমতাজ (৩৫) এবং ববিতা (৩০)। হতাহতরা সবাই নসিমনের যাত্রী। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে গোদাগাড়ীগামী একটি ট্রাকের সঙ্গে ডাইংপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষে হয়। ট্রাকটি দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। কিন্তু ট্রাকের চালক পালিয়ে যান। ওসি জানান, এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.