ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বর্ষণ এবং ভারত থেকে নামা পাহাড়ী ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নদীর ভাঙন। শুক্রবার ফেনী, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ আরও কয়েকটি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এ সব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: জেলার উপর দিয়ে প্রবাহিত ছোট বড় ১৬টি নদীর পানি বাড়ার অব্যাহত আছে। উলিপুর উপজেলার সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামের নিম্নাঞ্চল শুক্রবার নতুন করে প্লাবিত হয়েছে। এ নিয়ে দু'দিনে জেলার ২৫টি গ্রামের নিুাঞ্চল প্লাবিত হল। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে ১০ হাজার মানুষ।
গত ২৪ ঘন্টায় দুধকুমোর ও ধরলার নদীর ভাঙনে তিনটি উপজেলার তিনটি ইউনিয়নের ছয়টি গ্রামের ৬১টি পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর কর্মকর্তারা জানান, গত ২৪ ঘন্টায় ধরলায় ১৩ সেন্টিমিটার, দুধকুমোরে ১৭ এবং ব্রহ্মপুত্রে ৩২ সেন্টিমিটার পানি বেড়েছে।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, গত ২৪ ঘন্টায় মাস্টার পাড়ায় ২০টি এবং পূর্ব বালাডোবা গ্রামে ২০টি পরিবার ধরলা নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীর মোড় ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, দুধকুমোরের ভাঙনে হলোডাঙ্গা গ্রামে ১২টি পরিবার এবং ধাওরারকুটি গ্রামে ৪টি পরিবার গৃহহীন হয়েছে।
এছাড়া নাগেশ্বরী নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজমা উদ্দিন জানান, দুধকুমোরের ভাঙনে সাহেবগঞ্জ গ্রামে ৪টি পরিবার এবং দক্ষিণ শারিশুরি গ্রামের একটি পরিবার গৃহহীন হয়েছে। ভাঙনের মুখে পড়ায় ১৫টি পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে।
সুনামগঞ্জ: সুরমা নদীর পানি বাড়তে থাকায় জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান জানান, সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপদসীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত ২৪ ঘন্টায় জেলায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাঁচ দিনের টানা বর্ষণে জেলার বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, ধরমপাশা ও জামালগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
দোয়ারাবাজার উপজেলা ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কোথাও ত্রাণ তৎপরতা শুরু হয়নি।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জহির উদ্দিন আহমদ জানান, জেলার দোয়ারাবাজার উপজেলায় বন্যাদূর্গতদের মাঝে দুই মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।
নীলফামারী: তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের উজানে ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কমপক্ষে দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার (বিপদসীমা ৫২দশমিক ৪০সেন্টিমিটার) নীচ দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টার পর থেকে পানি বাড়তে থাকে। বিকেল ৪টায় বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উত্তর গয়াবাড়ি গ্রামের ৩০০ পরিবার, পুর্ব ছাতনাই ইউনিয়নের পুর্ব ছাতনাই ও ঝাড় সিংহেশ্বর গ্রামের ৫০০ পরিবার এবং টেপা খড়িবাড়ি ইউনিয়নের ভাষানির চর, টাপুর চর, চড় খড়িবাড়ি ও পুর্ব খড়িবাড়ি গ্রামের ৭০০ পরিবারের বাড়ি হাটু পানিতে তলিয়ে গেছে।
ফেনী: ফুলগাজী ও পরশুরাম উপজেলার ধনিকুন্ডা, দক্ষিণ বাসুরা, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া ঘনিয়া মোড়া ফুলগাজীসহ আটটি গ্রাম ব্যাপকভাবে প্লাবিত হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মো. নূর নবী জানান, মুহুরী নদীর পানি শুক্রবার দুপুরে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে বিকালে বৃষ্টি থেমে গেলে পানি কমতে শুরু করে। বৃহস্পতিবার মহুরী ও কহুয়া বাঁধের যে চার স্থানে ভাঙন দেখা দিয়েছিল, সেসব স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকেছে।
ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছারোয়ার হোসেন শুক্রবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
লালমনিরহাট: জেলার হাতিবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রায় ৬ হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে কয়েক হাজার একর ফসলী জমি।
প্লাবিত গ্রামগুলো হল- হাতিবান্ধা উপজেলার বড়খাতা, গড্ডিমারী, সিঙ্গীমারী, চর সিন্দুনা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী, চর ভোটমারী, নোহালী, শৌলমারী, কালিকাপুর, তুষভান্ডার ইউনিয়নের চর বৈরাতি, কাশিরাম চর, কাঞ্চনশ্বর, আমিনগঞ্জ।
চর সিন্দুনা গ্রামের ছাত্তার আলী ও আইয়ুব আলী জানান, তারা শুক্রবার বিকেল থেকে পানি বন্দি অবস্থায় আছেন। অনেকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে।
হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশারাফুল জামান জানান, বন্যা কবলিত এলাকার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৬ ঘ.
bdnews24