ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। গীতি আরাকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এছাড়া তার মেয়ের স্বামী আদিত ভাগত (ভারতীয় নাগরিক) এবং নাজিম কামরানের ছোট ভাই মুকিম চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টায় গুলশান এক নম্বর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বাড়ি দখল, মারধর ও হত্যার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলামের নতুন করে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় গীতি আরা সাফিয়াসহ আসামি করা হয়েছে ১১ জনকে।
মামলার আসামীরা হলেন নাজিম কামরান চৌধুরী, গীতি আরা সাফিয়া চৌধুরী, তাদের মেয়ে নাজিম ফারহানা চৌধুরী, আবু রুসদ তারেক, শামসুন্নাহার তারেক, মুকিম চৌধুরী, সাখাওয়াত হোসেন ওরফে শাহাদাত, আদিত ভগত, রিপন চন্দ্র সাহা, বিপুল হোসেন ও ইয়ার আলী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাহাবুবুল ইসলাম গুলশান থানায় মামলাটি দায়ের করেন (মামলা নম্বর ৭)।
মামলার এজাহারে বলা হয়, ২০০৮ সালের ১৭ আগস্ট আসামিরা তার গুলশান ২-এর ৪১ নম্বর সড়কের ৭/এ নম্বর বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে জেনারেটর বসিয়ে ১১ লাখ টাকার ক্ষতি করেন। এ সময় তিনি ও তার স্ত্রী বাধা দিলে আসামিরা তাদের মারধর ও হত্যার হুমকি দেন।
বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে কামরুল আলম জানান।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মাসুদ করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদি মামলার এজাহারে বলেছেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার আসামিরা খুবই প্রভাবশালী হওয়ার পাশাপাশি তাদের বিভিন্নভাবে ভয় দেখানোর কারণে এতদিন থানায় মামলা দায়ের করতে তিনি সাহস পাননি। কিন্তু এখন পরিবেশ অনুকূল মনে হওয়ায় তিনি মামলা দায়ের করেন।
এর আগে ওই বাড়িটি দখলের অভিযোগে ২০০৭ সালের ১৪ নভেম্বর নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে মাহবুবুল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দাখিল করায় আদালত গত ১৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়।
মামলায় ফারহানা ইসলাম অভিযোগ করেছিলেন, গীতি আরা সাফিয়া চৌধুরী ও তার স্বামী নাজিম কামরান চৌধুরী গুলশান-২ এর ৪১ নম্বর সড়কে তাদের বাড়ি ভাড়া নিয়ে সেখানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান সাইনেজ, মেগাভিশন ও অ্যাডকম চালু করেন। কিন্তু ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পরও ভবনটি দখলে রাখেন অভিযুক্তরা।
এদিকে রাত দুইটার দিকে ওই বাসার সামনে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি গোলাম মূর্তূজা অন্তু দেখতে পান, কয়েকটি ট্রাকে করে বাড়িটি থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
মালামাল সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে মালামাল কোথায় সরিয়ে নেওয়া হচ্ছে বা কে সরিয়ে নিচ্ছেন তা জানতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হননি।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরী অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। ওই সরকারে প্রায় এক বছর শিল্প উপদেষ্টার দায়িত্ব পালন করেন গীতি আরা সাফিয়া।
২০০৮ সালের ৮ জানুয়ারি অপর তিন উপদেষ্টা মইনুল হোসেন, তপন চৌধুরী এবং এএসএম মতিউর রহমানের সঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনিও পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএমএ/এএনএস/টিআর/০৩২৫ঘ.
bdnews24