ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সাবেক এক যুগ্মসচিবসহ বিভিন শ্রেণীর মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন জামালউদ্দীন (৫০), কামরুল হাসান (৪৭), ইউনুস আলী (৪৭) ও মাসুদ খান (২৮)। চারজনই উচ্চশিক্ষিত বলে র্যাব কর্মকর্তারা জানান।
র্যাব-১ এর কর্মকর্তা মেজর আহমেদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতারক চক্রের সদস্যরা বসুন্ধরা আবাসিক এলাকায় বি ব্লকের ১৭ নম্বর বাড়িতে একটি সুসজ্জিত অফিস প্রতিষ্ঠা করে। তারা সেখানে চাকরি দেওয়ার কথা বলে অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে প্রথমে তাদের ফাঁদে ফেলতো। পরে তারা বিভিন্ন কৌশলে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করতো।
র্যাব কর্মকর্তা জানান, এভাবে গ্রামীণ ফোনের এক কর্মকর্তার কাছ থেকে ৪৯ লাখ টাকা, সাবেক এক যুগ্ম-সচিবের কাছ থেকে ১৯ লাখ টাকা, এক চিত্র নায়িকার ভাইয়ের কাছ থেকে ২৪ লাখ টাকা এবং উত্তরার এক শিক্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক চক্র।
এ চক্রের সদস্যরা এভাবে এর আগেও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে একাধিকবার তাদের অফিস ও মোবাইল ফোন নম্বর পরিবর্তন করে বলে জানান মেজর সাইফুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24