ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষার্থীরা বিভাগের গ্যাসের চুলা মেরামতের দাবিতে বৃহস্পতিবার দু'জন শিক্ষককে প্রায় আধ ঘন্টা তালাবদ্ধ করে রাখে। পরে প্রক্টর ও উপাচার্য গিয়ে তাদের উদ্ধার করেন।
এই দুই শিক্ষক হলেন বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম এবং সহকারী অধ্যাপক স্বপন কুমার সিকদার। দুপুর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, প্রায় মাস খানেক আগে শিক্ষার্থীরা বেশ কয়েকবার একাডেমিক কাজে ব্যবহৃত এ গ্যাসের চুল্লী মেরামতের জন্য বিভাগীয় প্রধানের কাছে আবেদন করেন। কিন্তু বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা এসে গেলেও এখন পর্যন্ত এ চুলা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের একাডেমিক কর্মকান্ড ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান জানান, বিভাগ থেকে এ ব্যাপারে অনেক আগেই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করা হয়েছে। কিন্তু, ওই সময় যারা এ চুলা মেরামতের দায়িত্ব নিয়েছিল পরে তারা তা করতে পারবেনা বলে জানায়।
তিনি আরো বলেন, দুপুরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। তিনি অবিলম্বে এ চুলা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩০০ঘ.
bdnews24